নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৩, অর্ধেকের বেশি মাদকসেবী
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মোট ৮৩ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযান চলে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে। গ্রেপ্তারদের মধ্যে ৪৬ জন মাদকসেবী, ছয়জন মাদক ব্যবসায়ী, ১৪ জন পরোয়ানাভুক্ত আসামি ও চারজন ডাকাত। সবচেয়ে বেশি ৩০ জন গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁয়ে। এরপর সিদ্ধিরগঞ্জে ১৪ ও ফতুল্লায় ১৩ জন। অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।#Narayanganj #DrugBust #PoliceOperation #MeehaNews

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য আছেন। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তাঁর ভাষ্য, জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ৪৬ জন মাদকসেবী ও ছয়জন মাদক ব্যবসায়ী। ১৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, চারজন ডাকাত ও একজন চোর। নিয়মিত মামলার আসামি পাঁচজন, অন্যান্য ধারায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য চারজন।
থানাভিত্তিক গ্রেপ্তার:
সোনারগাঁ (৩০): একজন মাদক ব্যবসায়ীর কাছে ২০টি ইয়াবা পাওয়া গেছে। বাকিদের মধ্যে ২১ জন মাদকসেবী, একজন ডাকাত, চারজন পরোয়ানাভুক্ত আসামি, অন্যান্য ধারায় দুজন ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য।
সিদ্ধিরগঞ্জ (১৪): ১২ জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য।
ফতুল্লা (১৩): তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৫টি ইয়াবা, তিন গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজা মিলেছে। এ ছাড়া তিনজন মাদকসেবী, তিনজন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার তিন আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য গ্রেপ্তার হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর (১০): দুই মাদক ব্যবসায়ীর কাছে ২১০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। বাকি আটজন মাদকসেবী।
বন্দর (৭): তিনজন ডাকাত, তিনজন পরোয়ানাভুক্ত আসামি ও অন্যান্য ধারায় একজন।
রূপগঞ্জ (৭): একজন চোর, তিনজন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার দুই আসামি ও নিষিদ্ধ সংগঠনের একজন সদস্য।
আড়াইহাজার (২): দুজনই মাদকসেবী।





