ঝালকাঠিতে জিপিএ-৫ পাওয়া ২২০ শিক্ষার্থীকে সংবর্ধনা, শুদ্ধাচার ও স্বাস্থ্যে জোর
ঝালকাঠিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২২০ শিক্ষার্থীকে জেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেন। শিক্ষার্থীদের বিশেষ প্রতিভা বিকাশের সুযোগ তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। #Jhalakathi #GPA5 #SSC #Education #MeehaNews

লেখাপড়ায় জিপিএ-৫ পাওয়াই যথেষ্ট নয়, শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকেও শিক্ষার্থীদের নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। আজ সোমবার ঝালকাঠিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২২০ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে সংবর্ধনার পাশাপাশি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে জেলা পর্যায়ের একটি সেমিনারও হয়। জেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করে, সহযোগিতায় ছিল জেলা পরিষদ ও উপজেলা পরিষদ।
জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন এবং বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস-মুরগি পালনে উৎসাহ দেন। দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভাই-বোন ও সহপাঠীদের সঙ্গে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের বিশেষ প্রতিভা বিকাশের সুযোগ তৈরির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের উজ্জ্বল নক্ষত্রের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তাদের কারও কারও মধ্যে কামিনী রায় ও জীবনানন্দ দাশের মতো প্রতিভা রয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট স্থানের বাইরে ময়লা না ফেলা এবং বর্জ্যের ক্ষতি নিয়ে মানুষকে সচেতন করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা এলেন ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিনা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাইদ।





