মেসির বিদায়ে জন্মশহর রোজারিওতে ভালোবাসার চমক, বিশাল জার্সিতে ‘গ্রাসিয়াস’
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের আগে তাঁর জন্মশহর রোজারিওতে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালের কাছে স্থাপন করা হয়েছে ৩০ মিটারের বেশি দীর্ঘ একটি বিশেষ জার্সি, যাতে ‘গ্রাসিয়াস’ লেখা রয়েছে। জার্সিটির ওপর অডিওভিজ্যুয়াল ম্যাপিংয়ের মাধ্যমে আর্জেন্টিনা দলে মেসির স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরার আয়োজন রয়েছে।…

রোজারিওর হাওয়া-জল মেখেই বড় হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে জন্মশহর তাই ঘরের ছেলেকে জানাল বিশেষ শ্রদ্ধা। সান্তা ফে প্রদেশের এই শহরেই মেসির জন্ম।
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে তাঁর বিদায়ী ম্যাচ।
এমন মুহূর্তে মেসিকে শ্রদ্ধা জানাতে রোজারিও বেছে নিয়েছে পারানা নদীর তীরের ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালকে। সেখানেই স্থাপন করা হয়েছে মেসির বিশেষ জার্সির আদলে তৈরি ৩০ মিটারের বেশি দীর্ঘ একটি বিশাল জার্সি।
জার্সিটির নকশা মেসির বিদায়ী ম্যাচে পরতে যাওয়া বিশেষ আর্জেন্টিনা জার্সির আদলে তৈরি। পিঠে তাঁর বিখ্যাত ১০ নম্বর থাকলেও নামের জায়গায় লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’—অর্থাৎ ‘কৃতজ্ঞতা’।
৫ অক্টোবর ভোরে জার্সিটি স্থাপন করা হয়। ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালের মূল পতাকাস্তম্ভ ও ঐতিহাসিক স্থাপনা শুরুর মাঝের চত্বরে রাখা হয়েছে এটি। আয়োজনটিতে চারটি আলোর স্তম্ভও রয়েছে। সেগুলোর মাধ্যমে জার্সির ওপর অডিওভিজ্যুয়াল ম্যাপিং করে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্ল্যারিন জানিয়েছে, রোজারিওর এই আয়োজনটি অ্যাডিডাসের উদ্যোগে করা হয়েছে। মেসির জাতীয় দলের ক্যারিয়ার উদ্যাপনে বিশেষ জার্সিও তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যা ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচে পরবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের ক্যারিয়ারে এসেছে ২০৭ ম্যাচ ও ১২৫ গোল। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অন্যান্য বড় মঞ্চে তাঁর অর্জনকে স্মরণ করেই জন্মশহরের এই শ্রদ্ধাঞ্জলি।
রোজারিওর এই আয়োজনের পাশাপাশি বুয়েনস এইরেসেও মেসিকে বিদায় জানাতে ‘Gracias, Leo’ নামে বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।




