মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সংস্কৃতি ও লোকসংস্কৃতি

টমটমের নকশায়, গল্পগাঁথা

সুদীপ্ত রায়

ঐতিহ্যবাহী টমটম খেলনার মাটির অংশে আঁকা নকশা ও বাঁশের কাঠামো
গ্রামীণ মেলায় বিক্রির জন্য তৈরি ঐতিহ্যবাহী টমটম খেলনা।

জিজ্ঞাসা করলাম, “এই টমটম গাড়ির ওপর এগুলো কারা আঁকে?” সরল উত্তর, “মেয়ে-ছেলেরা।” উত্তরটি আমাকে অবাক করে দিল। বাংলায় নারী-পুরুষ যুগ যুগ ধরে একসঙ্গে কাজ করে চলেছেন; এটি তার ক্ষুদ্র একটি উদাহরণ।

পূজার সময় তাঁরা সুদূর বগুড়া থেকে আমাদের এ তল্লাটে বাণিজ্য করতে আসেন। তাঁদের সঙ্গে আমার সখ্য ছোটবেলা থেকেই। বছরে অন্তত একবার তাঁদের সঙ্গে সাক্ষাৎ হয়। খুলনা জেলার বিভিন্ন জায়গা থেকে মৌসুমি ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে টমটম গাড়ি সংগ্রহ করতে আসেন। পরে এগুলো বিভিন্ন মেলায় পাওয়া যায়।

আগে তাঁদের আরও বড় পরিসরে আসতে দেখেছি। তখন ট্রাকভর্তি সওদার জিনিসপত্র নিয়ে তাঁরা আসতেন; জনবলও যথেষ্ট থাকত। এখন দিন বদলেছে। শিশুরা এসব ইন্টারঅ্যাকটিভ (interactive) খেলনা-সামগ্রীর চেয়ে কৃত্রিম সিমুলেশন (simulation) ও ফোনের পর্দার প্রতি বেশি আকৃষ্ট। এ ছাড়া পরিবহন খরচ ও কাঁচামালের দামও যথেষ্ট বেড়েছে। ফলে তাঁদের বাণিজ্যও সংকুচিত হয়েছে। প্লাস্টিকের ও বিদেশি খেলনার দাপট তো আছেই!

টমটম গাড়ির গঠনের দিকে তাকানো যাক। গাড়ির মূল কাঠামো তৈরি হয় গোলাকার (অর্ধগোলাকৃতির) পোড়ামাটি দিয়ে। পুরো কাঠামো ধরে রাখে বাঁশের কাটা অংশ (খুব শক্তিশালী গঠন) ও প্লাস্টিকের সুতলি। দেখলে মনে হবে, প্রসিদ্ধ কোনো গ্রামীণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (mechanical engineer) দক্ষ হাতে তৈরি করেছেন। কিন্তু একটি টমটম গাড়ি তৈরিতে যথেষ্ট হাতবদল হয়। কখনো পুরুষ, কখনো নারী। সবার অবদান অনস্বীকার্য।

মূল্যের দিকে তাকালে দেখা যায়, এখন একটি টমটম গাড়ির দাম ২০ টাকা। ক্রমবর্ধমান বাজারেও গত দুই বছর ধরে এ দাম অপরিবর্তিত আছে। ছোটবেলায় যখন আমি টমটম গাড়ি চালিয়েছি, তখন এর দাম ছিল সর্বসাকুল্যে ১০ টাকা। কিন্তু এর যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স (engineering mechanics), তার কাছে হয়তো এই অর্থমূল্য অনর্থক। কারণ, একটি টমটম গাড়ি সৃজনশীলতা ও নান্দনিকতার এক অভূতপূর্ব মিশেল। সৌন্দর্যের কোনো অর্থমূল্য হয় না।

টমটম গাড়ির শব্দ ও সৌন্দর্য ছেলেবুড়ো সবাইকে আকৃষ্ট করতে পারে। যাই হোক, টমটম গাড়ির উপরিভাগের নকশা আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। এই নকশা ও আঁকিবুঁকিতে মিশে আছে গ্রামবাংলার নারীদের সরল জীবনধারার অনুগল্প।

আজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।