মূল কনটেন্টে যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি, রূপপুরের প্রথম ইউনিটের ফিজিক্স টেস্ট সম্পন্ন

রূপপুরের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ সব প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। প্রতিবেদন গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা বায়েরার কাছে জমা দেওয়া হয়েছে। বায়েরার অনুমোদন মিললে ইউনিটটি সি স্টেজে ঢুকবে। ২৫ অক্টোবরের দিকে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি আছে, তবে অনুমোদনে দেরি হলে সময় পিছাতে পারে। শুরুতে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন হবে, পরে ধাপে ধাপে বাড়ানো হবে। প্রকল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, চলতি বছরের শেষ দিকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট যুক্ত হবে।#RooppurNuclearPlant #NuclearPower #BangladeshEnergy #MeehaNews

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্ট (physics test) সফলভাবে শেষ হয়েছে। এ ধাপের অন্য প্রয়োজনীয় পরীক্ষাও সম্পন্ন। সব পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে।

বায়েরার চূড়ান্ত অনুমোদন পেলে ইউনিটটি ‘সি স্টেজে’ প্রবেশ করবে। এই ধাপেই শুরু হবে পাওয়ার স্টার্টআপ (power start-up), অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের সূচনা। প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য, ২৫ অক্টোবরের দিকে এটি শুরুর প্রস্তুতি চলছে। তবে সবকিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বুধবার পরীক্ষার প্রতিবেদন বায়েরার কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, অনুমোদন পেলেই সি স্টেজে ঢুকে পাওয়ার স্টার্টআপের দিকে যাওয়া হবে। শুরুতে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন হবে। প্রক্রিয়া সফলভাবে এগোলে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা আশা করছেন, উৎপাদন ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। চলতি বছরের শেষ দিকে গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট যুক্ত হওয়ার প্রত্যাশা আছে। তবে প্রতিটি ধাপ সফলভাবে শেষ করে পরের ধাপে যাওয়ার ওপরই এই সময়সীমা নির্ভর করছে।

রোসাটমের প্রথম উপমহাপরিচালক ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে একটি রুশ প্রতিনিধিদল ২০ থেকে ২৩ অক্টোবর বাংলাদেশ সফর করে। বৃহস্পতিবার রাতে তারা ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদল প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায় ও সার্বিক অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন ও এনপিসিবিএলের শীর্ষ কর্মকর্তারাও ছিলেন। শুক্রবার রুশ দূতাবাসের বিজ্ঞপ্তি ও ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। মোট ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর আগে ৮ অক্টোবর বায়েরা প্রথম ইউনিটে ক্রিটিক্যালিটি (criticality) বা পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দেয়।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

অনলাইন ডেস্ক

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।