পাবনায় ডিবির অভিযানে রিভলবার ও চারটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ৪
পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে একটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শুটারগান ও ১২ রাউন্ড গুলিসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। প্রথম অভিযান হয় বুধবার রাতে সদর উপজেলার চরঘোষপুরে; গ্রেপ্তারদের তথ্যে বৃহস্পতিবার সকালে আমিনপুর ও সুজানগর থানা এলাকায় আরও অভিযান চালানো হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতেরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা ও সরবরাহে জড়িত ছিলেন। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ; নতুন মামলার প্রক্রিয়া চলছে।#Pabna #DBPolice #IllegalArms #Bangladesh #MeehaNews

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে একটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শুটারগান ও ১২ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান চালায় ডিবির একটি বিশেষ দল। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। এসব অভিযানেই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরঘোষপুরের আলাল শেখ (৫২), আমিনপুর থানার রানীনগর ভাটিকয়া এলাকার জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুরের জলিল মণ্ডল (২৮) এবং মিরপুর এলাকার বাবলু মণ্ডল (৩২)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার চারজনের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নতুন করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





