দুই বছর কারাভোগের পর ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আট বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে দুই বছর সাজা খেটেছেন। ফেরতদের বাড়ি সাত জেলায়। তাঁদের রাতে যশোরের একটি শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।#Benapole #Bangladesh #India #MeehaNews

ভারতে দুই বছর কারাভোগ শেষে আট বাংলাদেশি বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল (Petrapole) ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা-পুলিশ তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার কাছে দেয়।
ফেরতরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। পুলিশ ও মানবাধিকার সংগঠনের কর্মীদের তথ্য, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তাঁরা ভারতে যান। তামিলনাড়ু ও কলকাতার দমদম এলাকায় কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেখানকার পুলিশ তাঁদের আটক করে। আদালত তাঁদের দুই বছরের কারাদণ্ড দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আটজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, থানা থেকে তাঁদের গ্রহণ করে রাতেই সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে তুলে দেওয়া হবে।







