গোপালগঞ্জে নাশকতার অভিযোগ, ময়মনসিংহ থেকে প্রত্যাহার পুলিশ কর্মকর্তা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম মিয়াকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগে সংশ্লিষ্টতার অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হয়নি। সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।#Mymensingh #Gopalganj #Police #MeehaNews

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাঁকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তার নাম মো. সেলিম মিয়া। তিনি ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ছিলেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য, তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় তাঁকে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণের আগে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভ্যন্তরীণ একটি গোয়েন্দা প্রতিবেদনে সেলিম মিয়ার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। সে কারণে তাঁকে প্রত্যাহার করে অনুসন্ধান চলছে। অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সেলিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র বৃহস্পতিবার জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার ও আটকের ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহভাজন অন্যদের নজরদারিতে রাখা হয়েছে।







